বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ৯ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে জোবাইদা রহমান বলেন, আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেয়া হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।’