বিশেষ খবর



ইউজিসিতে নয়া চেয়ারম্যান বিএনপিপন্থি উপাচার্য পেল সাত বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান; ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একসঙ্গে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব নিয়োগের ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এসব পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি ঢাবি’র উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। এর পরই তিনি পদত্যাগ করলেন। জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পান এস এম এ ফায়েজ। ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে সাময়িক সময়ের জন্য নিয়োগ পেয়ে দীর্ঘ ৬ বছর পদে ছিলেন। এর আগে ড. ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ঢাবি’র নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এত দিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি অধ্যাপক নিয়াজ আহমদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। নিয়াজ আহমদ খান গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে। ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি একই সঙ্গে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজনৈতিক নিয়োগের অভিযোগের জবাব নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই বিএনপিপন্থি বলে আলোচনা রয়েছে এমন অভিযোগের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটা কোনোভাবেই অযোগ্যতার বিষয় নয়। আমরা প্রত্যেকের সাইটেশন, গবেষণা, পিএইচডি, পোস্ট ডক্টরাল কাজ, এমফিলসহ সব ধরনের একাডেমিক তথ্য যাচাই করেছি। যারা পারফরম্যান্সে এগিয়ে আছেন, তাদেরই দায়িত্ব দেয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img