শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও ক্রমহ্রাসমান হারে এই খাতে বাজেট বরাদ্দ কমছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাজেট নিয়েই দেশের শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিতে হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ গড়তে দেশের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সেজন্যই দেশের শিক্ষা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে একজন দেশসেরা হতো। এখন হাজার হাজার শিক্ষার্থী দেশসেরা হওয়ার সুযোগ পাচ্ছে। তাছাড়া বর্তমানে ৯৯ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। প্রাথমিক ও মাধ্যমিকে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে প্রাথমিকে ছাত্রীর সংখ্যা ৫১ শতাংশ এবং মাধ্যমিকে ৫৩ শতাংশ।
শিক্ষামন্ত্রী জানান, রমজানে স্কুল-কলেজের ছুটির ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছুটির বিষয়টি নির্ধারণ করবে। তাছাড়া গ্রীষ্মের ছুটি ১৫ দিনের স্থলে মাত্র ৭ দিন কমানো হয়েছে।
তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরকারের নিয়ন্ত্রণে নেই। কয়েক দিন আগে সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে কয়েকটি কলেজ উচ্চ আদালত থেকে নিজেদের পক্ষে রায় নিয়ে এসেছে। তবে এসব প্রতিষ্ঠানকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
মন্ত্রী বলেন, কিছু হলেই শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত হাজার মামলা রয়েছে। অর্থের অভাবে মন্ত্রণালয় এই মামলাগুলো মোকাবেলা করতে পারছে না।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন। রিপোর্টার্স ইউনিটির সদস্যদের কৃতী সন্তানদের মধ্য থেকে অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য পিএসসিতে ২৫ জন এবং জেএসসিতে ১৪ জনকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। এ সময় অন্য নেতারা উপস্থিত ছিলেন।
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।...